spot_img
spot_img

― Advertisement ―

spot_img
Homeজেলার খবরদুই যুগ পর দেশে ফিরেই ইমামদের দিলেন ঈদ উপহার, হত দরিদ্রদের সাথে...

দুই যুগ পর দেশে ফিরেই ইমামদের দিলেন ঈদ উপহার, হত দরিদ্রদের সাথে করলেন ইফতার

প্রায় দুই যুগ পর দেশের মাটিতে ফিরেই দুই সহস্রাধিক হতদরিদ্র ও এলাকাবাসীকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কাজাখস্তান প্রবাসী ফরহাদ ওহাব আকন। এছাড়া একই সাথে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আকনের ডাঙ্গী গ্রামের নিজ বাড়ির আঙিনায় এই আয়োজন করা হয়। এর আগে সকালে দেশে পৌঁছান তিনি।

জানা যায়, ফরহাদ ওহাব আকন বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির সভাপতির দায়িত্বে রয়েছেন এবং ২০০২ সাল থেকে দেশটিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। শনিবার সকালে দেশে ফিরেই ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সম্মানার্থে এই ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। এতে স্থানীয়দের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে আলোচনা সভায় ফরহাদ ওহাব আকন বক্তব্য দেন। এ সময় তিনি এলাকাবাসীর উন্নয়নে নিজেকে বিলিয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ কাজাখস্তানে অবস্থান করে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছি। সেখানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। ২০২৪ সালে আমাকে সেখানকার প্রবাসীরা সভাপতি হিসেবে নির্বাচিত করেন। মাত্র দুই বছরে সেখানের বাংলাদেশীদের পাশে দাড়িয়ে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছি। তাদের বেকার সমস্যা সমাধান সহ মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি।

তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, সুদীর্ঘ দুই যুগের বেশি সময় বিদেশের মাটিতে অবস্থান করে যা আয় করেছি তার সবই দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছি, নিজের জন্য আজও কিছু করি নাই। কারন, বিদেশে থাকলেও সব সময় দেশের মানুষের জন্য মন কেঁদেছে। এলাকার মানুষের কথা ভেবে কষ্টার্জিত অর্থ দিয়ে বিভিন্ন সময় সাধ্যানুযায়ী সাহায্য সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও আমার ইউনিয়ন ও উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাব। ইফতার মাহফিলে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, ইমাম-মোয়াজ্জিন ও স্থানীয়রা অংশ নেন।