
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘ সতের বছর আন্দোলনের পরে, জুলাই গণ অভ্যুথ্থানের পরে, গতকাল ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, উন্নয়নের জন্য এবং দেশের মানুষের আশা আকাঙ্খা পূরনের জন্য যে পবিত্র সংসদ এতোদিন অকার্যকর ছিল, আলহামদুলিল্লা আমাদের সংসদ আবার কার্যকর হয়েছে, ইনশাল্লাহ পবিত্র সংসদ আঠারো কোটি মানুষের আশা আকাঙ্খার কেন্দ্র বিন্দুতে পরিনত হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সরকারি, বিরোধী দল সহ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছি, কাজগুলো সম্পন্ন করতে সকলের সহযোগীতার প্রয়োজন।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন শামা ওবায়েদ ইসলাম।
শামা ওবায়েদ বলেন, আপনারা সকলে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছেন এজন্য সকলকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করেছেন আপনারা। আমরা গণতন্ত্র পেয়েছি, কিন্তু গণতন্ত্র রক্ষা করা তার চেয়ে বড় কঠিন কাজ, বড় দায়িত্বের কাজ। এই দায়িত্ব পালন করতে হলে সকল লোভ, লালসা, সকল অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রেখে জনগনের সেবায় নিয়োজিত থাকতে হবে। আমি সব সময় বলি আমি আপনাদের মেয়ে, আপনাদের সন্তান। আমি আমার আব্বার রেখে যাওয়া অস্পূর্ন কাজগুলো সম্পন্ন করতে চাই। আপনারা কথায় কথায় বলেন আমরা ওবায়দুর রহমানের লোক। আমার আব্বা কখনো অসৎ কাজ বা দূর্নীতি করে নাই, আপনারাও এগুলো থেকে দূরে থাকবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশাসনের কর্মকতাদের উদ্দেশ্যে বলেন, আমি ইতিমধ্যেই সকল সরকারি দপ্তরে একটি চিঠি ইস্যু করেছি। আপনারা চিঠিটি পেয়েছেন। সেখানে লেখা আছে আমার নাম ব্যবহার করে কেউ যদি আপনাদের কাছে কোনো অন্যায় কাজ নিয়ে যায় তাহলে সেগুলোকে প্রশ্রয় দিবেন না। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। কারন আমি কোনো নেতা বা আত্মীয়স্বজন চিনি না, আমার কাছে সাধারণ মানুষ সবচেয়ে আগে।
তিনি নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, মাটি কাটা, বালি উত্তোলন সহ বিভিন্ন অপকর্ম থেকে আপনাদের বিরত থাকতে হবে। প্রশাসন যখন বন্ধ করতে যায় তখন আপনারা দলীয় পরিচয় দেন, এগুলো সহ্য করা হবেনা। প্রশাসন অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আজকে সাবধান করে দিলাম, দয়াকরে আপনারা সকল অন্যায় কাজ থেকে বিরত থাকবেন।
শামা ওবায়েদ বলেন, নির্বাচনের আগে বিএনপি যে ওয়াদা করেছিল, নির্বাচনের পর তা অক্ষরে অক্ষরে ওয়ান বাই ওয়ান পালন করে চলেছে। ২১ দিন হয়েছে বিএনপি সরকার গঠন করেছে, ১২ ফেব্রুয়ারি ভোট হয়েছিল, এখনও কিন্তু আঙ্গুলে কালো কালির দাগ যায় নাই। কালো কালির দাগ এখনো শুকায় নাই, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করেছেন। বিএনপি যে কথা বলে, যে কথা দেয় তা করে। ইশতেহারে যা বলা হয়েছিল একটি একটি করে আমরা বাস্তবায়ন করবো।
তিনি আরো বলেন, নারীদের ক্ষমতায়নের জন্য মা-বোনদের জন্য যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা অবৈতনিক করে যেরকম আমাদের নারী শিক্ষায় একটি যগান্তকারি সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক একই ভাবে উনার সন্তান বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করে সেই নারীদের ক্ষমতায়নকে আরো একশভাগ এগিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, আমাদের কৃষক ভাইদের জন্য কৃষি ঋন মওকুফ করা হয়েছে। আগামী ১৬ তারিখে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচী শুরু হবে। ফ্যামিলি কার্ড চালু হয়েছে, কৃষক কার্ডও চালু হবে যেটা বিএনপির প্রতিশ্রুতি ছিল।
ইফতার মাহফিলে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা সহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তালমা, রামনগর ও ডাঙ্গি ইউনিয়নের তিন সহস্রাধিক মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।





