
ফরিদপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটে জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় বলেরবাগ থেকে সোনাখোলা ব্রীজ পর্যন্ত ৬ কিলোমিটার খাল খনন কমসূচীর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
খাল খননে খুশি স্থানীয় এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা মোকছেদ হোসেন বলেন, এক সময় এই খাল দিয়ে পানি প্রবাহ ছিল। এখান থেকে পানি নিয়ে জমির সেচ দিতে পারতাম। কিন্তু এখন খালে পানি থাকেনা। আজ খাল খননের কর্মসূচী শুরু হওয়ায় আমরা খুশি। আবার জমিতে পানি দিতে পারবো। সেলো মেশিন দিয়ে পানি দিলে খরচ বেড়ে যায়। একারনে খাল আগের মতো হলে আমরা অনেক সুবিধা পাবো। বর্তমান সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানাই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বলেন, আমাদের দেশ নদী মাতৃক দেশ, কৃষি প্রধান দেশ। খান খনন কর্মসূচীর মধ্য দিয়ে এলাকার কৃষক, মৎস্যজীবি উপকৃত হবে। বিশেষ করে ফরিদপুর জেলা পেঁয়াজ উৎপাদনে বিখ্যাত, চাষীদের অনেক সময় পানির সংকটে পড়তে হয়, এখন আর পানির সংকটে পরতে হবে না তাদের। নির্বাচনের আগে বিএনপি’র ইশতেহার ছিল খাল খনন কর্মসূচী। বিএনপি যা বলে তা করে, এক মাস হতে চললো বিএনপি সরকার গঠন করেছে, এরই মধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। আজ খাল খনন কর্মসূচীও শুরু হলো। এই কর্মসূচীর মধ্যে দিয়ে সবুজ বাংলাদেশ আমরা আবার ফিরে পাবো।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, আজকে নতুন একটি দিনের শুরু হলো। এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে মনে থাকবে। পানির অবাধ প্রবাহ না থাকলে কৃষি, জীববৈচিত্রের কোনো মূল্য থাকেনা। খাল খননের মধ্য দিয়ে পানির প্রবাহ ঠিক থাকবে, কৃষক তাদের ফসল ভালো ভাবে উৎপাদন করতে পারবে। মৎস্যজীবিরা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। পাশাপাশি আমাদের শিল্প ও নৌপথও সচল হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্লা জানান, জেলায় ১৯ টি খাল খনন করা হবে। আজ একটি খাল খননের উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করা হলো। পর্যায়ক্রমে সকল খাল খননের ব্যবস্থা করা হবে।
এর আগে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, পুলিশ সুপার মো: নজরুল ইসলাম সহ কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।





