spot_img
spot_img

― Advertisement ―

spot_img
Homeজেলার খবরসড়ক দুর্ঘটনা : চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে এস আই আমিনুল

সড়ক দুর্ঘটনা : চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে এস আই আমিনুল

ফরিদপুরের মধুখালী থানায় কর্মরত এস আই মো. আমিনুল ইসলাম সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত হন।

সোমবার (২৮ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, গত ২৪ জুলাই সকাল ১০টা ৪০ মিনিটে থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১১৩৩ অনুযায়ী ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং তদন্তাধীন একটি মামলার কাজে তিনি তার দায়িত্বপ্রাপ্ত বিট এলাকা জাহাপুর ইউনিয়নের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন।

তিনি জানান, পথিমধ্যে সকাল সাড়ে ১১টার দিকে মাঝকান্দি এলাকায় মাজেদা জুট মিলের পাশের সেতুর পশ্চিম পাশে পৌঁছালে দ্রুতগতির একটি বাসকে সাইড দিতে গিয়ে তার মোটরসাইকেলের চাকা স্লিপ করে পাকা রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

পরে জুট মিলের আনসার সদস্য এপিসি মো, জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের আইসিইউ-তে বিকেল ৩টা ৫০ মিনিটে এস আই আমিনুল ইসলাম মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৬ বছর।

মৃত্যুকালে এস আই আমিনুল ইসলাম স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে আনার পর রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্সে জানাজা অনুষ্ঠিত হয়। 

পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত জানাজায় পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম, সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

পরে নিজ জেলা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।