spot_img
spot_img

― Advertisement ―

spot_img
Homeজেলার খবরজুট মিলের নারী শ্রমিককে ভারতে পাঁচার, দুই সহকর্মীর কারাদন্ড

জুট মিলের নারী শ্রমিককে ভারতে পাঁচার, দুই সহকর্মীর কারাদন্ড

ফরিদপুরে জুট মিলের নারী শ্রমিককে (২২) সুন্দরবনে ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাঁচার করে পতিতাপল্লীতে বিক্রির ঘটনায় দুই নারী সহকর্মীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে রয়েছে-সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বৈশাখালী গ্রামের আমীর আলী মোল্যার মেয়ে মাকসুদা বিবি (৩৫) ও আটিরোপর এলাকার মতিয়ার পালের মেয়ে মর্জিনা ওরফে সোনালী (২৫)। রায় ঘোষণার সময় আসামীরা পলাতক ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারী পারোয়ানা জারি করা হয়।

বুধবার (১৮ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২০১২ সালের ২৯ মে ফরিদপুর কোতয়ালী থানায় মানব পাচার আইনে মামলাটি করেন ভুক্তভোগী ওই নারী শ্রমিকের মা।

মামলার এজাহার সুত্রে জানা যায়, মামলার বাদী ও তাঁর দুই মেয়ে ফরিদপুরের কানাইপুর করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। একই মিলে আসামী মাকসুদা বিবিও কাজ করতেন। কাজের সুবাদে তাঁদের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তোলেন মাকসুদা বিবি।

মামলায় বাদী উল্লেখ করেন, সম্পর্কের সুবাদে আসামী মাকসুদা তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠানের কথা বলে যাওয়ার অনুরোধ করেন এবং সুন্দরবন ঘুরে দেখাবে বলে জানান। এক পর্যায়ে ২০১২ সালের ৮ মে তার বড় মেয়ে (২২) মাকসুদার সাথে চলে যান। পরবর্তীতে তাকে সুন্দরবন দেখানোর কথা বলে ভারতে পাঁচারকারী চক্রের হাতে তুলে দেয়া হয়। এরপর একটি ভারতীয় নাম্বারে ফোন আসে এবং জানানো হয়- তাঁর মেয়েকে পাঁচার করে কলকাতায় একটি পতিতা পল্লীতে বিক্রি করে দেয়া হয়েছে।

এ ঘটনার পরে একই বছরের ১৮ মে কলকাতা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে জিম্মায় রাখেন। পরবর্তীতে বাংলাদেশ মহিলা আইনজীবী পরিষদের মাধ্যমে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসা হয়। এক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সদস্য এবং ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনজীবী শামসুন্নাহার নাইম।

বাংলাদেশ মহিলা আইনজীবী পরিষদের কেন্দ্রিয় কমিটির সদস্য শামসুন্নাহার নাইম জানান, কলকাতা পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে সেখানকার একটি সেভহোমে রাখেন। পরে সেভ হোমের কর্মকর্তা সুনন্দ বোস আমাদের ঢাকা অফিসের সাথে ই-মেইলের মাধ্যমে যোগাযাগ করেন। পরে আমরা বিস্তারিত জেনে মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করি এবং মেয়েটিকে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হই। এরপর আমাদের সহযোগিতায় মাকসুদা বিবিকে আসামী করে ফরিদপুর কোতয়ালী থানায় মামলাটি করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, দীর্ঘ ১৩ বছর আগে মামলাটি দায়ের করা হয়। শুনানি ও স্বাক্ষ্য শেষে আজ মামলাটির রায় প্রদান করেন বিচারক।

তিনি আরো জানান, মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। পাশাপাশি তাদের ৫০ টাকা করে অর্থদন্ডও প্রদান করেন আদালত। তবে রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক রয়েছেন, তাদের গ্রেফতারে পরোয়ানা জারী করেছে আদালত।