spot_img
spot_img

― Advertisement ―

spot_img
Homeজেলার খবরমাইলস্টোন ট্রাজেডি : আলফাডাঙ্গায় রাইসা'র সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোন ট্রাজেডি : আলফাডাঙ্গায় রাইসা’র সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির (৯) কবরে শ্রদ্ধা নিবেদন করলেন বিমান বাহিনীর সদস্যরা। এসময় নিহত রাইসার পরিবারকে সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারা।

নিহত রাইসার বাড়িতে এখনও চলছে শোকের মাতম। কান্না থামছে না পরিবারের সদস্যদের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মুখমণ্ডলের অংশবিশেষ দেখে রাইসা হিসেবে দাবি করেন বাবা শাহাবুল শেখ। বাবার দাবির প্রেক্ষিতে সিএমএইচ থেকে মরদেহের ডিএনএ সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ডিএনএ রিপোর্টে রাইসার মরদেহ সনাক্ত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

গত ২৫ জুলাই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া দক্ষিনপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।

শনিবার (০২ আগস্ট) দুপুরে রাইসার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিমান বাহিনীর সসদ্যরা। এসময় রাইসার পরিবারের শোকার্ত সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা। বিমান বাহিনীর প্রধানের প্রতিনিধি হিসেবে স্কোয়াড্রন লীডার জিহাদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামালের নেতৃত্বে ২০ সদস্যের দলটি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রাইসার কবর জিয়ারত করেন। এছাড়াও শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে দোয়ার আয়োজন করা হয়। পরে এতিমখানার শিশুদের মাঝে তবারক বিতরণ করেন বিমান বাহিনীর সদস্যরা।

এ সময় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম উপস্থিত ছিলেন।

রাইসার বাবা শাহাবুল শেখ বলেন, আমার সোনা মনির জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন আমার মনিকে জান্নাতবাসী করেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির সমাধিতে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিমান বাহিনীর কর্মকর্তরা নিহতের বাড়িতে আসেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে ছিলাম। রাইসার পরিবারের পাশে সব সময় থাকবে উপজেলা প্রশাসন।

শাহাবুল শেখ ও মীম আক্তার দম্পত্তির মেয়ে রাইসা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রাইসা ছিল মেঝো সন্তান।