
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের টোল প্লাজা এলাকায় একটি পিকআপে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আখ বহনকারী পিকআপের মধ্যে অভিনব কায়দায় রাখা ২০ কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো: হাশেম আলী জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকার সুমন শেখ ও নগরকান্দা উপজেলার ডাঙ্গী এলাকার জুলহাস মুন্সীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপ-পরিচালক।





