ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ী রতন শেখের মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করছে পুলিশ। পরিবারের অভিযোগ বৃস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে কেউ একজন মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ হয় রতন।
শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের টেপাখোলা নৌবন্দরের মদলখালী ঘাট এলাকা থেকে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রতন শেখ (৪২) জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চাটাম বাজার গ্রামের মৃত নওয়াব আলী শেখের ছেলে। নিহত রতন পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিল।
ফরিদপুর কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদউজ্জামান জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হয় রতন। এরপর আর বাড়ি ফিরে না আশায় অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে নিহতের স্ত্রী কোতয়ালী থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন। শনিবার রাতে শহরের টেপাখোলা সিএন্ডবি ঘাট এলাকায় একটি মরদেহ পদ্মা নদীতে পানিতে ভাসমান দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





