
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহি বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুই জন। বুধবার (০৬ জুলাই) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সদরের মডেল মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল খাঁন (৩৫) ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খাঁনের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মো: মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের যাত্রীবাহি বাস মডেল মসজিদের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বিল্লাল খাঁন মারা যান। এসময় আহত হন মোটরসাইকেলে থাকা দুই আরোহী হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)।
আহতদেরকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।





