ফরিদপুরে রিচম্যান নামে একটি পোশাক শোরুমের কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মানসিক বিপর্যস্ত থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে সহকর্মীরা ধারণা করছেন। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে শহরের ঝিলটুলী এলাকায় ওই শোরুম সংলগ্ন শেফালী মঞ্জিলের তিন তলার একটি মেসবাসা থেকে কর্মকর্তা সবুজ আহমেদ খন্দকারের মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মৃত সবুজ আহমেদ খন্দকার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ফুকরা গ্রামের শাহাদাৎ হোসেন খন্দকারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ রিচম্যান পোশাক শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
মৃত সবুজ আহমেদ বহুতল ভবনের তিন তলায় মেসবাসায় ভাড়া থাকতেন। ওই বাসার অপর একটি কক্ষে থাকেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী রুবাইয়াত হোসেন। ওই শিক্ষার্থী বলেন, গত কয়েকদিন যাবৎ ঠিকমতো খাওয়া-দাওয়া করতেন না। কয়েকদিন আগে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। আজ সকালে ঘুম থেকে উঠে নিচেও গিয়েছিল। এরপর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সকাল ১০ টায় দরজা না খুললে আমরা ডাকাডাকি করি, কোনো সাড়াশব্দ না পেয়ে দড়জাটি ভেঙে দেখি ফ্যানের সাথে ঝুলে আছে। পরে শোরুমে গিয়ে জানাই।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার উপ-পরিদর্শক মো: আহাদুজ্জামান জানান, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক : এম কে বসু
ঠিকানা: পুরাতন বাস স্ট্যান্ড, গোয়ালচামট , ফরিদপুর। যোগাযোগ:faridpurpost24@gmail.com
Copyright © 2026 ফরিদপুর পোস্ট. All rights reserved.