মহাসড়কগুলোতে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের সুবিধা দিয়ে আসছে হাইওয়ে পুলিশ। যাত্রীদের সহায়তা আরো বাড়াতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চালু করা হলো ‘হ্যালো এইচপি অ্যাপ’। মহাসড়কের যে কোন স্থানে সমস্যায় পড়লে মোবাইলের বাটনে চাপ দিলেই পৌঁছে যাবে হাইওয়ে পুলিশের সদস্যরা।
মহাসড়কগুলোতে যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো, সাহায্য পাওয়া, হাইওয়ে থানার নম্বরসহ বেশ কয়েকটি সেবা দিতে ‘হ্যালো এইচপি অ্যাপ’ চালু হয়েছে। জরুরি সাহায্য বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ থানা ও প্যাট্রোল টিমের কাছে সাহায্য পাওয়া যাবে। এছাড়া মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সকল হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন সমূহের মোবাইল নম্বর, ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হার সহ গুরুত্বপূর্ণ তথ্যাদি রয়েছে অ্যাপে।
বৃহস্পতিবার (০৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জুমের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি মো: দেলোয়ার হোসেন মিঞা।
ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বাস মালিক, ট্রাক মালিক সমিতি, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এধরনের অ্যাপ চালু করায় খুশি সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। তারা বলছেন, দিনে ও রাতে মহাসড়কে যানবাহন চলাচলের সময় নানা সমস্যায় পড়তে হয়। বিশেষ করে দূর্ঘটনা ও ডাকাতির ঘটনা। ওই সময় লোকেশনও জানা থাকে না, একারনে কোন থানায় ফোন দিবে বিষয়টি বুঝতে পারেননা। অ্যাপটি চালু করায় সাহায্য বাটনে চাপ দিলেই পুলিশ পৌঁছে যাবে সেখানে। লোকেশন বা ঠিকানাও বলা লাগবে না।
ট্রাক চালক রশিদ শেখ বলেন, মহাসড়ক দিয়ে রাতে চলাচল করার সময় অনেক সময় দূর্ঘটনা ও ডাকাতদের কবলে পরতে হয়। ফাঁকা রাস্তা হলে কোন স্থানে আছি সেটাও বুঝা যায়না। তখন কোন থানায় ফোন দিবো বা কার সহযোগিতা নিবো এধরনের সমস্যা হয়। কিন্তু অ্যাপটি চালু হওয়ায় আমাদের অনেক লাভ হয়েছে। কারন মোবাইল থেকে অ্যাপে সাহায্য বাটনে চাপ দিলেই নিকটবর্তী থানার পুলিশ সেখানে চলে আসবে।
তিনি আরো জানান, এই অ্যাপে অনেক সুবিধা রয়েছে। আমরা খুব খুশি এধরনের উদ্যোগ নেওয়ায়। শুধু আমি না আমার মতো সকল চালকই খুশি, কারন পথে ঘাটে অনেক সমস্যায় আমাদের পরতে হয়।
বাস চালক রমজান শেখ বলেন, এই অ্যাপে আরো অনেক সুবিধা রয়েছে। যেমন রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে গ্যারেজের ঠিকানা পাওয়া যাবে এই অ্যাপে। তাছাড়া আশপাশের হাসপাতালের ঠিকানাও পাওয়া যাবে। কোন রাস্তা ভালো, কোন রাস্তা খারাপ অথবা কোথাও যানজট রয়েছে কিনা সেটাও জানা যাবে।
ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি মো: কামরুজ্জামান সিদ্দীকি জানান, এই ধরনের উদ্যোগ নেওয়ায় হাইওয়ে পুলিশকে ধন্যবাদ জানাই। অ্যাপটি ব্যবহার করে যানবাহন চালক ও যাত্রীরা অনেক সুবিধা যাবে। বিশেষ করে দূর্ঘটনা বা রাতে ডাকাতির কোনো ঘটনা ঘটলে তাৎক্ষনিক মোবাইলের অ্যাপ থেকেই বিষয়টি পুলিশকে অবহিত করা যাবে। দ্রুতই নিকটবর্তী থানা থেকে পুলিশ গিয়ে তাদের সহযোগিতা করবে। এছাড়াও এই অ্যাপে আরো অনেক ধরনের সুবিধা রয়েছে।
হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান সময় সংবাদকে জানান, হাইওয়েতে যেকোনো বিপদে মানুষ সহযোগিতার জন্য আমাদেরকে যেন জানাতে পারে তার জন্য হ্যালো এইচপি অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে সড়কে কোনো বিপদে পড়লে আমাদেরকে জানাতে পারবে। দ্রুত পৌঁছে তাদের সহযোগিতা করতে পারবে হাইওয়ে পুলিশ। জনসাধারণের সেবা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেকোনো স্থানে সমস্যায় পড়লে অ্যাপের সাহায্য বাটন চাপলেই নিকটবর্তী থানা রিসিভ করবে। কোনো লোকেশনও বলতে হবেনা। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। এছাড়াও আরো অনেক ধরনের সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে। এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও যোগাযোগ করা যাবে।
পুলিশ সুপার জানান, অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। সেখান থেকে ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করতে হবে। হাইওয়ে পুলিশের যেকোনো থানা বা ফাঁড়িতে গেলে সেখান থেকেও ইনস্টল করে দেওয়া হবে। অ্যাপটিতে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিজিওন ভিত্তিক সকল সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার মোবাইল নম্বর এবং মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সকল হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন সমূহের মোবাইল নম্বরও রয়েছে।
অ্যাপের সুবিধা পেতে যেনো কোনো ভোগান্তি পোহাতে না হয় সেদিকে খেয়াল রাখবে হাইওয়ে পুলিশ এমনটাই প্রত্যাশা জনসাধারণের।
প্রকাশক ও সম্পাদক : এম কে বসু
ঠিকানা: পুরাতন বাস স্ট্যান্ড, গোয়ালচামট , ফরিদপুর। যোগাযোগ:faridpurpost24@gmail.com
Copyright © 2026 ফরিদপুর পোস্ট. All rights reserved.